sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০১ মে, ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

দুই যুগ পর এই কলেজ মাঠে আসতে পেরেছি : বগুড়াতে প্রধানমন্ত্রী


সত্যের পথে | প্রধান সংবাদ প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১০:১৫ পিএম দুই যুগ পর এই কলেজ মাঠে আসতে পেরেছি : বগুড়াতে প্রধানমন্ত্রী

প্রধান সংবাদ : বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজকে সরকারিকরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার বেলা তিনটার দিকে কলেজটির মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাইলটিংয়ের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণের ফাঁকে ফাঁকে উপস্থিত এলাকাবাসীর সঙ্গে রসিকতা করেন প্রধানমন্ত্রী। বক্তব্যের এক পর্যায়ে থেমে যান তিনি। এ সময় গ্রামবাসী তাঁকে আরও দুই ঘণ্টা বক্তব্য দিতে বলেন। 

এ সময় প্রধানমন্ত্রী রসিকতা করে বলেন, ‘আরে খিদা পাইছে আমার। বাপের বাড়িতে খেতে দিবেন না? নামাজ বাকি, খাওয়া বাকি, খাল কাটা বাকি, জনসভা বাকি। আবার ঢাকায় যেতে হবে। আসব আবার, কথা বলব।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দুই যুগ পর এই কলেজ মাঠে আজ আসতে পেরেছি। ১০ বছর ধরে এই ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করছিলাম। আজ নিজের গ্রামে এসে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে পেরেছি। আগামী ৩০ তারিখের মধ্যে ২৩ উপজেলায় নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। ৫ বছরে সারা দেশে ৪ কোটি পরিবারের বেশির ভাগ মায়েদের হাতে এ কার্ড দেওয়া হবে।

পরীক্ষামূলকভাবে আগামী জুন মাসের মধ্যে ১৪টি উপজেলায় ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর আওতায় প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে পাবে। পরিবারে মা অথবা নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করবে সরকার। ২০৩০ সালের মধ্যে এই কার্ডকে সর্বজনীন সোশ্যাল আইডি কার্ডে রূপান্তর করা হবে।

সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি এবং তাঁর স্ত্রী জুবাইদা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সত্যেরপথে.কম/এবি

Side banner